এনার্জি ড্রিঙ্কসে বাড়তে পারে হৃদ্‌রোগের ঝুঁকি

স্বাস্থ্য ডেস্ক:

শরীরে দ্রুত শক্তি ও সতর্কতা বাড়াতে অনেকেই এনার্জি ড্রিঙ্কস পান করেন। তবে এসব পানীয়তে থাকা অতিরিক্ত ক্যাফেইন ও অন্যান্য উত্তেজক উপাদান হৃদ্‌যন্ত্রের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। সাম্প্রতিক এক গবেষণায় ক্যাফেইন ও উত্তেজক উপাদানযুক্ত পানীয় এবং খাদ্য-পরিপূরক গ্রহণের সঙ্গে হৃদ্‌যন্ত্রের গুরুতর সমস্যার সম্পর্ক পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) নিরাপত্তা-সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে গবেষকরা এ তথ্য জানিয়েছেন। গবেষণার ফল অনুযায়ী, এসব পণ্যের সঙ্গে সম্পর্কিত হৃদ্‌রোগের পার্শ্বপ্রতিক্রিয়ার প্রায় ৪৫ শতাংশ প্রতিবেদন ১৮ থেকে ৩৪ বছর বয়সিদের।

গবেষণায় যা উঠে এসেছে

যুক্তরাষ্ট্রের হার্ট অ্যাসোসিয়েশনের (এএইচএ) ২০২৬ সালের সম্মেলনে আলোচনার জন্য উপস্থাপিত গবেষণায় ২০১৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত এফডিএর নিরাপত্তা তথ্যভাণ্ডারে জমা পড়া ২৮ হাজার ৩৪৫টি পার্শ্বপ্রতিক্রিয়ার প্রতিবেদন বিশ্লেষণ করা হয়। এর মধ্যে ৮৫৪টি প্রতিবেদন ছিল এনার্জি ড্রিঙ্কস এবং ক্যাফেইন ও অন্যান্য উত্তেজক উপাদানযুক্ত খাদ্য-পরিপূরক গ্রহণের সঙ্গে সম্পর্কিত। বাকি ২৭ হাজার ৪৯১টি প্রতিবেদনে এ ধরনের উপাদান ছিল না।

বিশ্লেষণে দেখা গেছে, ক্যাফেইন ও উত্তেজক উপাদানযুক্ত পণ্যের সঙ্গে কার্ডিয়াক অ্যারেস্টের প্রতিবেদন প্রায় ১১ গুণ বেশি সম্পর্কিত। হার্ট অ্যাটাকের প্রতিবেদন প্রায় সাড়ে চার গুণ এবং অস্বাভাবিক হৃদ্‌স্পন্দন বা ভেন্ট্রিকুলার অ্যারিদমিয়া ও বুক ধড়ফড়ের প্রতিবেদন প্রায় চার গুণ বেশি পাওয়া গেছে। এ ছাড়া হৃদ্‌স্পন্দন বেড়ে যাওয়ার ঘটনা প্রায় তিন গুণ এবং বুকে ব্যথা ও অজ্ঞান হওয়ার প্রতিবেদন প্রায় দ্বিগুণ বেশি ছিল।

কেন ঝুঁকি তৈরি হতে পারে

ক্যাফেইন সাময়িকভাবে ঘুমের ভাব কমিয়ে শরীরকে সজাগ রাখতে সাহায্য করে। তবে অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ করলে হৃদ্‌স্পন্দন ও রক্তচাপের ওপর প্রভাব পড়তে পারে। এনার্জি ড্রিঙ্কসে অনেক সময় ক্যাফেইনের পাশাপাশি একাধিক উত্তেজক উপাদান মেশানো থাকে। এসব উপাদান একসঙ্গে গ্রহণ করলে হৃদ্‌যন্ত্রের ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত ক্যাফেইন ও অন্যান্য উত্তেজক উপাদান হৃদ্‌যন্ত্রের বৈদ্যুতিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। এর ফলে অনিয়মিত হৃদ্‌স্পন্দনের ঝুঁকি তৈরি হতে পারে। কিছু এনার্জি ড্রিঙ্কসে সাধারণ কফির তুলনায় কয়েক গুণ বেশি ক্যাফেইন থাকতে পারে। শরীরচর্চার আগে গ্রহণের জন্য তৈরি কিছু সাপ্লিমেন্টেও ক্যাফেইনের ঘনত্ব বেশি থাকে।

অনেক তরুণ শরীরচর্চার আগে এ ধরনের পানীয় বা সাপ্লিমেন্ট গ্রহণ করেন। কেউ কেউ আবার অ্যালকোহল কিংবা অন্য উত্তেজক উপাদানের সঙ্গেও এগুলো গ্রহণ করেন। এতে হৃদ্‌যন্ত্রের ওপর অতিরিক্ত চাপ পড়ার আশঙ্কা থাকে।

গবেষণার ফলাফল এনার্জি ড্রিঙ্কস ও উত্তেজক উপাদানযুক্ত পণ্য গ্রহণের ক্ষেত্রে সতর্কতার প্রয়োজনীয়তা তুলে ধরেছে। তবে এ ধরনের গবেষণায় পার্শ্বপ্রতিক্রিয়ার প্রতিবেদন বিশ্লেষণ করা হয়েছে; তাই শুধু এই তথ্যের ভিত্তিতে পানীয়গুলো সরাসরি হৃদ্‌রোগের কারণ—এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *