পোশাকশ্রমিকদের আন্দোলনে সংহতি জানালেন জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক:

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবির প্রতি সংহতি জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। একই সঙ্গে শ্রমিকদের আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগ, নির্যাতন ও গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন তিনি।

বুধবার (৪ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে জি এম কাদের বলেন, উচ্চ মূল্যস্ফীতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বর্তমান বেতনে শ্রমিকদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সহানুভূতিশীল না হয়ে সরকার দমন-পীড়নের পথ বেছে নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তৌফিক নামের এক পোশাকশ্রমিকের মৃত্যুর ঘটনায় নিন্দা জানান জাপা চেয়ারম্যান। তিনি নিহত শ্রমিকের পরিবারের জন্য ন্যায্য ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।

বিবৃতিতে জি এম কাদের বলেন, বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধি, জ্বালানি সরবরাহে সংকট, কাঁচামালের দাম বৃদ্ধি এবং ব্যাংকিং খাতের সমস্যার কারণে পোশাকশিল্পের মালিকেরাও চাপে রয়েছেন। তাই শ্রমিক ও মালিক—উভয় পক্ষের দাবির ন্যায্য সমাধানের দায়িত্ব সরকারের।

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে সরকারকে ভর্তুকি দেওয়ার প্রস্তাব করেন তিনি। এ ক্ষেত্রে নগদ অর্থসহায়তা অথবা রেশনিং ব্যবস্থার মাধ্যমে শ্রমিকদের চাল, ডাল, আটা, ভোজ্যতেল, চিনি, লবণ ও রান্নার জ্বালানি সরবরাহের পরামর্শ দেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *