নদীপথের নাব্যতা রক্ষায় আরিচা ড্রেজার বেইজের কার্যক্রম, নেতৃত্বে আবু সাঈদ

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) গুরুত্বপূর্ণ অপারেশনাল কেন্দ্র আরিচা ড্রেজার বেইজে নদীপথের নাব্যতা রক্ষা, ড্রেজার পরিচালনা, যন্ত্রপাতি মেরামত ও জ্বালানি সরবরাহ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব কার্যক্রমে দায়িত্ব পালন করছেন বেইজের নির্বাহী প্রকৌশলী মো. আবু সাঈদ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ছয় বছরেরও বেশি সময় ধরে আরিচা ড্রেজার বেইজে দায়িত্ব পালন করছেন প্রকৌশলী আবু সাঈদ। এ সময়ে বেইজের ভৌগোলিক অবস্থান ও কারিগরি চাহিদা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। তাঁর তত্ত্বাবধানে ড্রেজার রক্ষণাবেক্ষণ এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ সংরক্ষণের কাজ পরিচালিত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিশেষ করে শুষ্ক মৌসুমে নাব্যতা সংকট মোকাবিলায় ড্রেজারগুলো সচল রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

ড্রেজার মেরামত ও প্রকৌশলগত কাজ সম্পন্ন করতে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। এর মধ্যে সৈয়দ ডক ইয়ার্ড, বলাকা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এবং মা করপোরেশনের নাম উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা। এসব প্রতিষ্ঠানের কারিগরি সহায়তায় জরুরি মেরামতকাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করার চেষ্টা চলছে বলে জানা গেছে।

বিআইডব্লিউটিএর প্রধান কার্যালয়ের ড্রেজিং বিভাগের যান্ত্রিক শাখার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আরিচা ড্রেজার বেইজের কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রধান কার্যালয়ের প্রকৌশলী মজনু মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনায় মাঠপর্যায়ের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বেইজের কর্মকর্তা-কর্মচারীদের একাংশ।

এদিকে নির্বাহী প্রকৌশলী মো. আবু সাঈদকে ঘিরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত কিছু সংবাদকে বিভ্রান্তিকর বলে দাবি করেছেন সংশ্লিষ্ট মহলের কেউ কেউ। তাঁদের অভিযোগ, তথ্য-প্রমাণ যথাযথভাবে যাচাই না করে এসব সংবাদ প্রকাশ করা হয়েছে। তবে প্রকাশিত সংবাদগুলোর নির্দিষ্ট তথ্য, অভিযোগ ও সংশ্লিষ্ট নথি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী মো. আবু সাঈদ বলেন, সরকারি বিধিবিধান মেনেই জ্বালানি তেল সরবরাহ, ড্রেজার মেরামত ও ঠিকাদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দাপ্তরিক নিরীক্ষায় সব হিসাব স্বচ্ছভাবে উপস্থাপনের জন্য তিনি প্রস্তুত রয়েছেন বলেও জানান।

নদীমাতৃক বাংলাদেশের অর্থনীতি ও যোগাযোগব্যবস্থায় নৌপথের নাব্যতা রক্ষা গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্টদের মতে, আরিচা ড্রেজার বেইজের কার্যক্রম সচল থাকলে গুরুত্বপূর্ণ নৌপথে পণ্য ও যাত্রী পরিবহন নির্বিঘ্ন রাখতে সহায়ক ভূমিকা রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *