আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন বিরোধীদলীয় নেতা ও ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকোট। প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ আনুষ্ঠানিকভাবে তাঁকে এ দায়িত্ব দেওয়ার পর আইজেনকোট জানিয়েছেন, তাঁর নেতৃত্বে গঠিত সরকারে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও যোগ দিতে পারেন।
আইজেনকোট বলেন, নেতানিয়াহু ও তাঁর অতি ডানপন্থী মিত্ররা চাইলে সরকারে অংশ নিতে পারবেন। তবে সরকার গঠন হতে হবে তাঁর নেতৃত্বেই।
ইসরায়েলের সামরিক বাহিনীর সাবেক প্রধান আইজেনকোট নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের রিলিজিয়াস জায়োনিস্ট পার্টির প্রতি ইঙ্গিত করে এ প্রস্তাব দেন।
তিনি বলেন, লিকুদ ও রিলিজিয়াস জায়োনিস্ট পার্টির সদস্যরা যদি সত্যিই জাতীয় ঐক্যের সময় বলে মনে করেন, যেমনটি তাঁরা প্রেসিডেন্টকে জানিয়েছেন, তাহলে তাঁর প্রস্তাবিত নীতিমালা ও নেতৃত্বে গঠিত সরকারকে সমর্থন না করার কোনো যুক্তি তিনি দেখছেন না।
এর আগে রোববার, মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর পরিবর্তিত আন্তর্জাতিক পরিস্থিতিতে স্থিতিশীলতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ আনুষ্ঠানিকভাবে আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেন। এ সময় তিনি বলেন, ইসরায়েল বর্তমানে অত্যন্ত অনিশ্চিত পরিস্থিতির মুখোমুখি।
সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর আইজেনকোট ইসরায়েলি গণতন্ত্রের বর্তমান পরিস্থিতিকে অন্যতম নাজুক ও বিপজ্জনক মুহূর্ত হিসেবে বর্ণনা করেন।
সূত্র: এএফপি