আন্তর্জাতিক ডেস্ক:
ভারী বৃষ্টিপাত, বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কায় সৌদি আরবজুড়ে আবহাওয়াজনিত সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। আগামী শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৬০ কিলোমিটারের বেশি গতিতে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কোথাও কোথাও আকস্মিক বন্যা, টর্নেডো এবং সমুদ্রের ওপর জলস্তম্ভ সৃষ্টির আশঙ্কাও রয়েছে।
এনসিএমের তথ্য অনুযায়ী, আগামী কয়েক দিন সৌদি আরবের বিভিন্ন এলাকায় হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। ঝোড়ো বাতাসে মরুভূমির ধুলাবালি উড়ে সড়কে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হতে পারে।
সবচেয়ে বেশি সতর্কতার আওতায় রয়েছে পবিত্র মক্কা, জাজান, আসির ও আল বাহা অঞ্চল। এসব এলাকায় শনিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। মক্কা ছাড়াও তায়েফ, আল জুমুম, বাহরাহ ও আদহাম এলাকায় বৃষ্টির তীব্রতা বেশি হতে পারে।
অন্যদিকে রাজধানী রিয়াদ, মদিনা, তাবুক, শিলা ও নাজরানের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জেদ্দা ও রাবিগেও বৃহস্পতিবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
উপকূলীয় এলাকায় সমুদ্রের ঢেউ স্বাভাবিকের চেয়ে উঁচু হতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া কর্তৃপক্ষ। দুর্যোগপূর্ণ আবহাওয়া আগামী সপ্তাহের শেষ দিক পর্যন্ত স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে সাধারণ মানুষ ও যানবাহন চালকদের প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে এনসিএম। পাশাপাশি সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সরকারি আবহাওয়া বুলেটিন ও সংস্থাটির আনুষ্ঠানিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সর্বশেষ নির্দেশনা অনুসরণের আহ্বান জানানো হয়েছে।