বিদেশি লিগে খেলতে ক্রিকেটারদের কাছ থেকে ১০ হাজার ডলার চায় পিসিবি

স্পোর্টস ডেস্ক:

বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পাকিস্তানি ক্রিকেটারদের অনাপত্তিপত্র (এনওসি) পেতে হলে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) অর্থ দিতে হবে বলে অভিযোগ উঠেছে। আবুধাবি টি-টেন লিগে অংশ নিতে আগ্রহী ক্রিকেটারদের প্রত্যেকের কাছ থেকে ১০ হাজার মার্কিন ডলার দাবি করা হচ্ছে বলে একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

এই সিদ্ধান্তের কারণে আসন্ন আবুধাবি টি-টেন লিগে পাকিস্তানের কয়েকজন তারকা ক্রিকেটারের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ফখর জামান, শাদাব খান, নাসিম শাহ, শাহিন আফ্রিদি, ইফতিকার আহমেদ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান ইরশাদ ও সুফিয়ান মুকিম।

আগামী ৭ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত আবুধাবিতে অনুষ্ঠিত হওয়ার কথা টি-টেন লিগের এবারের আসর। প্রতিযোগিতার সব ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ স্টেডিয়ামে আয়োজনের কথা রয়েছে। বিভিন্ন দলের হয়ে পাকিস্তানি ক্রিকেটারদের খেলার কথা থাকলেও পিসিবির এনওসি ছাড়া তাঁদের মাঠে নামার সুযোগ নেই।

প্রতিবেদন অনুযায়ী, বিদেশি লিগে খেলার অনুমতিপত্র পেতে প্রত্যেক ক্রিকেটারকে নির্ধারিত অর্থ জমা দিতে হবে বলে পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এ বিষয়ে বোর্ডের আনুষ্ঠানিক ব্যাখ্যা বা অর্থ দাবির সুনির্দিষ্ট নীতিমালা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এর আগেও মেজর লিগ ক্রিকেট ও নেপাল প্রিমিয়ার লিগে পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণের অনুমতি দেওয়ার বিনিময়ে আয়োজকদের কাছ থেকে অর্থ চাওয়ার অভিযোগ উঠেছিল পিসিবির বিরুদ্ধে। অভিযোগ ছিল, প্রতিযোগিতা শুরুর আগে বোর্ডের কর্মকর্তারা ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এনওসির বিনিময়ে অর্থ দাবি করতেন।

এতে শেষ মুহূর্তে বিপাকে পড়তেন ফ্র্যাঞ্চাইজিগুলো। অর্থের ব্যবস্থা করতে না পারলে পাকিস্তানি ক্রিকেটারদের দল থেকে বাদ দেওয়ার পরিস্থিতিও তৈরি হতো।

বিদেশি লিগে অংশগ্রহণের অনুমতিপত্র দেওয়ার বিনিময়ে ক্রিকেটারদের কাছ থেকে অর্থ দাবির অভিযোগ আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। পিসিবির এমন অবস্থান নিয়ে বিদেশি লিগের আয়োজকদের মধ্যেও অসন্তোষ তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *