ফোর্ট হুড হামলায় দণ্ডিত মেজরের মৃত্যুদণ্ড কার্যকরে ট্রাম্পের অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক:

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে গুলি চালিয়ে ১৩ জনকে হত্যার ঘটনায় দণ্ডিত সাবেক মার্কিন সেনা মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সিন পার্নেল সোমবার (৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। তিনি বলেন, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সুপারিশের ভিত্তিতে ট্রাম্প ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদন দিয়েছেন।

মৃত্যুদণ্ড কবে ও কোথায় কার্যকর করা হবে, তা যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সচিব নির্ধারণ করবেন বলে জানানো হয়েছে।

২০০৯ সালের ৫ নভেম্বর টেক্সাসের ফোর্ট হুডে হামলার ঘটনায় ১৩ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। নিহতদের সবাই মার্কিন সেনাবাহিনীর সদস্য ছিলেন। ওই ঘটনায় নিদাল হাসানের বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয় এবং পরবর্তী বিচারপ্রক্রিয়ায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, হামলার সময় নিদাল হাসান ‘আল্লাহু আকবর’ স্লোগান দিয়েছিলেন। হামলার পেছনে তার উদ্দেশ্য নিয়েও বিভিন্ন তথ্য আদালতের নথি ও তদন্তে উঠে আসে।

এদিকে যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি নিয়েও সাম্প্রতিক সময়ে আলোচনা চলছে। ফায়ারিং স্কোয়াডের পাশাপাশি বৈদ্যুতিক শক ও বিষাক্ত গ্যাস ব্যবহারের মতো পদ্ধতিও কিছু ক্ষেত্রে অনুমোদিত রয়েছে। সাধারণত প্রাণঘাতী ইনজেকশন ব্যবহৃত হলেও প্রয়োজনীয় ওষুধ সংগ্রহের জটিলতার কারণে বিকল্প পদ্ধতির ব্যবহার নিয়ে আলোচনা বাড়ছে।

সম্প্রতি টেনেসি অঙ্গরাজ্যে এক নারীর মৃত্যুদণ্ড প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *