‘যাঁকে যোগ্য মনে করবেন, তাঁকেই নির্বাচিত করুন’—শেখ ওমর ফারুক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

আসন্ন ১১ নম্বর সুলতানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নবাসীর উদ্দেশ্যে নিজের অনুভূতি, কৃতজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরেছেন বর্তমান চেয়ারম্যান শেখ ওমর ফারুক।

শুক্রবার (৩০ অক্টোবর) এক লিখিত বার্তায় তিনি বলেন, তাঁর পিতা জনাব ফিরোজুর রহমান অত্র ইউনিয়নের টানা পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে জনগণের সেবা করেছেন। পরবর্তীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করেছেন।

শেখ ওমর ফারুক বলেন, “আপনাদের মূল্যবান ভোট ও ভালোবাসায় আমিও দুইবার সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে আপনাদের খেদমত করার সুযোগ পেয়েছি। আপনাদের এই অকৃত্রিম ভালোবাসা ও বিশ্বাসের কাছে আমাদের পরিবার চিরঋণী।”

তিনি আরও উল্লেখ করেন, তাঁদের পরিবার দেশের বিভিন্ন দুর্যোগে এবং বিশেষ করে করোনা মহামারির সংকটময় সময়ে সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে ইউনিয়নবাসীর পাশে থাকার চেষ্টা করেছে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের পরিবারের প্রত্যাশা—সুলতানপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ইচ্ছার সঠিক প্রতিফলন ঘটুক। আগামীতে আপনারা যাঁকে এই ইউনিয়নের যোগ্য ও সঠিক চেয়ারম্যান মনে করবেন, তাঁকেই নির্বাচিত করবেন—এটাই আমাদের প্রত্যাশা।”

বার্তার শেষাংশে তিনি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলেন, “আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন এবং আমাদের প্রিয় সুলতানপুর ইউনিয়নকে আরও সমৃদ্ধ ও সুসংগঠিত করার তৌফিক দান করুন।”

Aro headline

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *