কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও কম্পিউটার উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন চীন ও তাইওয়ানের ছয় নাগরিক। কারাগার থেকে মুক্তি পাওয়ার পরপরই তাঁরা বিমানবন্দরের উদ্দেশে রওনা হন।
বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে তাঁদের মুক্তি দেওয়া হয়। এর আগে দুপুরে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহিমের আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এম আবদুল মন্নান জানান, চীনা দূতাবাসের জিম্মায় তাঁদের জামিন দেওয়া হয়েছে। তিনি বলেন, যে আইনে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তা পর্যালোচনা করে আদালত ছয় আসামির জামিন মঞ্জুর করেছেন।
কারাগার সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৫টার দিকে ছয় বিদেশি নাগরিকের জামিনের আদেশের কপি কারাগারে পৌঁছায়। প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা শেষে রাত সাড়ে ৭টার দিকে তাঁদের মুক্তি দেওয়া হয়।
এর আগে গত ৩ সেপ্টেম্বর কক্সবাজার শহরের সি-প্যালেস হোটেলের সামনে থেকে ওই ছয় বিদেশি নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে উখিয়ার ইনানী ও কক্সবাজারের হিমছড়ি এলাকার বিভিন্ন রিসোর্টে অভিযান চালানো হয়।
অভিযানে এসব রিসোর্ট থেকে ১ হাজার ৯৩৮টি আইফোন, আনুমানিক ৪০টি কম্পিউটার এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ মামলা দায়ের করে।