রিয়াদে মেডিনোভা মেডিকেল কমপ্লেক্সের সংবর্ধনা, সম্মাননা পেলেন কালবেলার সাংবাদিক রাকিবসহ গণমাধ্যমকর্মীরা

স্টাফ রিপোর্টার:

প্রবাসীদের অধিকার ও সমস্যা তুলে ধরায় সাংবাদিকদের ভূমিকার প্রশংসা

সৌদি আরবের রাজধানী রিয়াদে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা এবং প্রবাসীদের অধিকার, সমস্যা ও সম্ভাবনার কথা গণমাধ্যমে তুলে ধরার স্বীকৃতিস্বরূপ সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সদস্যদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করেছে রিয়াদের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান মেডিনোভা মেডিকেল কমপ্লেক্স।

গত ২ অক্টোবর ২০২৬, শুক্রবার রাত ১০টায় মেডিনোভা মেডিকেল কমপ্লেক্সের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কালবেলার সাংবাদিক মো. রাকিবসহ প্রবাসী সাংবাদিক ফোরামের বিভিন্ন গণমাধ্যমকর্মীকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেডিনোভা মেডিকেল কমপ্লেক্সের চেয়ারম্যান এইচ এম কেফায়েত উল্লাহ খান। প্রধান বক্তা ছিলেন সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি মো. আবুল বশির। মেডিনোভা মেডিকেলের পরিচালক সাইফুল ইসলাম পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী সাংবাদিক ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি মো. সেলিম উদ্দিন দিদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান, সহসাধারণ সম্পাদক এ কে আজাদ লিটন, প্রচার সম্পাদক শিহাব শাহীন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাসান মাহমুদ এবং কার্যকরী সদস্য মো. রাকিব, গোলাম রুছুল, বুলবুল আহমেদ, হারুনুর রশিদ, আল আমিন বিন নান্নু ও তানিয়া আহমেদ।

এ সময় মেডিনোভা মেডিকেলের পরিচালক লিটন আব্দুল আজিজ, বেলাল আহমেদ, নাজমুল ইসলাম, জুবায়ের হোসেন, মো. ইউসুফসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রবাসে কর্মরত সাংবাদিকরা শুধু সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ নন; তাঁরা প্রবাসীদের সমস্যা, সম্ভাবনা, সাফল্য ও অধিকারসংক্রান্ত বিষয়গুলো দেশ-বিদেশে তুলে ধরতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে কার্যকর ভূমিকা রাখে।

অনুষ্ঠানে সাংবাদিক মো. রাকিব মেডিনোভা মেডিকেল কমপ্লেক্স কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে সৌদি আরবে বসবাসরত অসহায় ও নিম্নআয়ের প্রবাসীদের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করার আহ্বান জানান।

জবাবে মেডিনোভা মেডিকেল কমপ্লেক্সের চেয়ারম্যান এইচ এম কেফায়েত উল্লাহ খান বলেন, সৌদি আরবে বসবাসরত কোনো অসহায় প্রবাসী অর্থের অভাবে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হলে মেডিনোভা মেডিকেল কমপ্লেক্সের পক্ষ থেকে তাঁকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে প্রবাসী সাংবাদিকদের জন্যও বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার ঘোষণা দেন তিনি।

তিনি আরও বলেন, “প্রবাসী সাংবাদিকরা প্রবাসীদের কণ্ঠস্বর হিসেবে কাজ করছেন। তাঁদের পাশে থাকা আমাদের দায়িত্ব।”

অনুষ্ঠানের শেষপর্বে সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা। পরে মেডিনোভা মেডিকেল কমপ্লেক্সের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *