স্টাফ রিপোর্টার:
গোপালগঞ্জের ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার এবং দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বান্দরবানের লামায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে লামা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি লামা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন লামা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও বান্দরবান জেলা বিএনপির সদস্য সাইফুউদ্দিন। বক্তব্যে তিনি গোপালগঞ্জের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় এলাকায় যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান এই বিএনপি নেতা।
কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লামা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বান্দরবান জেলা বিএনপির সদস্য আব্দুর রব, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ইউসুফ আলী, সাবেক পৌর বিএনপি নেতা মোঃ বশির উদ্দিন, পৌর বিএনপির সদস্য মোঃ নাজিম উদ্দিন এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শাফায়েত হোসেন রাসেল।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে লামা উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।