ফরিদপুর ব্যুরো:
মানবপাচারকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, মানবপাচারকারীরা সমাজের শত্রু। তাদের প্রতিহত করতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে মানবপাচারকারীদের গুলিতে নিহত সেনাসদস্য তিতাস শেখের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, মানবপাচারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলোর সরকার ও পুলিশের সঙ্গেও সমন্বয় করা হচ্ছে।
তিনি বলেন, অবৈধ পথে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে মানবপাচারকারীরা মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলছে। তিতাস শেখের মতো আর কাউকে যেন প্রাণ দিতে না হয়, সে জন্য শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে গ্রাম পর্যায়েও সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এ সময় নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুলসহ স্থানীয় নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।