রিয়াদে বাংলা বিনোদন ডটকমের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

মোঃ রাকিব:

সৌদি আরবের রাজধানী রিয়াদের ডি প্যালেস হোটেলে উৎসবমুখর পরিবেশে বাংলা বিনোদন ডটকমের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা ও সম্মাননা প্রদান পর্ব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি সাংবাদিক, লেখক, কবি, চিকিৎসক, ব্যবসায়ী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। শীতল আবহাওয়ায় মনোরম পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথিদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো হলরুম। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের উপদেষ্টা ও সাংবাদিক আবুল বশিরের সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন বাংলা বিনোদন ডটকমের সম্পাদক এ বি এম বুলবুল এবং বার্তা সম্পাদক খালেদ শাহবুদ্দীন। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের কার্যকরী সদস্য ও জাতীয় দৈনিক কালবেলার সাংবাদিক রাকিব হোসাইন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের সান সিটি পলি ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট বাংলাদেশি বিনিয়োগকারী আব্দুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাংলাদেশ গ্রিন ক্রিসেন্ট সোসাইটির উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, রিয়াদ শাখার সহকারী সাধারণ সম্পাদক রেদাওয়ানুর রহমান এবং সংগঠনটির সাধারণ সম্পাদক, লেখক ও কবি শাহজাহান চঞ্চল।

এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন গ্রিন ক্রিসেন্টের উপদেষ্টা, লেখক ও সমাজসেবক আব্দুল হাকিম, আব্দুস সাওয়ার, কুলাউড়া প্রবাসী পরিষদের সহসভাপতি ফারুক রশিদ চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ কাওসার খান, চ্যানেল ২৪-এর সাংবাদিক শিহাব শাহিন, ডিবিসি নিউজের সৌদি আরব প্রতিনিধি গোলাম রাসেল, তিতাস টিভির প্রতিষ্ঠাতা আলামীন হোসাইন নানু এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সদ্য অবসরপ্রাপ্ত প্রভাষিকা সানজিদা বেগমসহ রিয়াদের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সম্মাননা প্রদান পর্ব। এ পর্বে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বাংলা বিনোদন ডটকমের পক্ষ থেকে বিশিষ্ট ব্যক্তিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সম্মাননা প্রাপ্তদের মধ্যে ছিলেন বিশিষ্ট সংগঠক, কুলাউড়া প্রবাসী পরিষদের সাবেক সভাপতি ও সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সহসভাপতি খালেদ শাহবুদ্দীন, সিলেট বিভাগ প্রবাসী পরিষদের আব্দুল আজিজ মাসুক, সংগঠনটির প্রধান উপদেষ্টা আলিম উদ্দিন মাহমুদ, সান সিটি পলি ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন এবং লেখক ও কবি শাহজাহান চঞ্চল।

বক্তারা তাঁদের বক্তব্যে প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও বিনোদনচর্চার প্রসারে বাংলা বিনোদন ডটকমের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন কর্মকাণ্ড, সাফল্য, সম্ভাবনা ও অর্জন গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির ইতিবাচক ভূমিকার কথা উল্লেখ করেন। তাঁরা বলেন, প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতে এ ধরনের গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে বাংলা বিনোদন ডটকমের উত্তরোত্তর সাফল্য ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে ভবিষ্যতেও সহযোগিতার হাত প্রসারিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

পরিশেষে অতিথিদের আপ্যায়ন ও নৈশভোজের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *