চরিত্র নিয়ে কটূক্তিতেও পিছু হটবেন না প্রভা

বিনোদন ডেস্ক:

ঢালিউড অভিনেত্রী পরীমনির বিরুদ্ধে এক সাংবাদিককে ‘ব্যাডটাচ’-এর অভিযোগের ঘটনায় সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছেন ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। পরীমনির পাশে দাঁড়িয়ে নিজের জীবনের একটি অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার কথাও তুলে ধরেছিলেন তিনি। তবে তাঁর বক্তব্যের পর সামাজিক মাধ্যমে একাংশের সমালোচনার মুখে পড়েন প্রভা। এবার সেই সমালোচনার জবাব দিয়েছেন অভিনেত্রী।

পরীমনির অভিযোগের প্রসঙ্গে প্রভা জানান, ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কথা বলে তাঁর মনে হয়েছে, সাংবাদিকের বিরুদ্ধে আনা অভিযোগটি হয়তো সত্য ছিল না। ওই পরিস্থিতিতে সাংবাদিককে যা সহ্য করতে হয়েছে, সে জন্য তাঁর প্রতি সহমর্মিতাও প্রকাশ করেন অভিনেত্রী।

শুক্রবার (৬ নভেম্বর) রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে প্রভা লেখেন, যেকোনো নারীর পাশে তিনি দাঁড়াবেন, প্রয়োজনে হাজারবার দাঁড়াবেন। তাঁকে নিয়ে যত সমালোচনা বা কটূক্তিই করা হোক, এমনকি তাঁর চরিত্র নিয়েও প্রশ্ন তোলা হলেও নিজের নীতি থেকে সরে আসবেন না।

প্রভা বলেন, কোনো নারীর প্রতিটি কাজের সঙ্গে তিনি একমত নাও হতে পারেন। কারও অসদাচরণ কিংবা অন্যকে গালাগাল করাকে তিনি সমর্থন করেন না। তবে এসব কারণে কাউকে অসম্মান, হয়রানি করা কিংবা অনিরাপদ বোধ করানোর অধিকার কারও নেই।

অভিনেত্রীর ভাষ্য, একজন নারীর পছন্দ ও চরিত্রের বিচার তাঁর নিজের এবং সর্বশক্তিমানের বিষয়। তাঁর মর্যাদা নিয়ে বিতর্ক তোলার সুযোগ নেই। কোনো নারীর পাশে দাঁড়ানো মানে তাঁর সব কাজকে অন্ধভাবে সমর্থন করা নয়; বরং অসম্মান ও হয়রানির বিরুদ্ধে অবস্থান নেওয়াই এর উদ্দেশ্য।

নিজের অতীতের একটি ব্যক্তিগত ভিডিও ভাইরাল হওয়ার ঘটনা টেনে সমালোচকদের উদ্দেশে প্রভা বলেন, যে ঘটনার জন্য তিনি দায়ী নন, সেটি নিয়ে তাঁকে লজ্জিত করার চেষ্টা করলেও তিনি অপরাধী হয়ে যান না। অন্যের বিচার তাঁর পরিচয় নির্ধারণ করতে পারে না।

প্রভা আরও বলেন, কোনো নারীর পাশে দাঁড়িয়ে অপমানিত হওয়াও তাঁর কাছে এমন মানুষের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য নীরব থাকার চেয়ে ভালো, যারা মনে করেন একজন নারীর মর্যাদা নির্ধারণের অধিকার তাঁদের রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *