‘জেলার ২’-এ রজনীকান্তের পারিশ্রমিক ১১০ কোটি রুপি

বিনোদন ডেস্ক:

মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত সিনেমা ‘জেলার ২’। বিশ্বব্যাপী সিনেমাটির আয় ৮০০ কোটি রুপি ছাড়িয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। সিনেমাটির সাফল্যের পাশাপাশি আলোচনায় এসেছে অভিনয়শিল্পী ও সংগীত পরিচালকের পারিশ্রমিকের অঙ্ক।

নেলসন দিলীপকুমার পরিচালিত সিনেমাটির নির্মাণ ব্যয় প্রায় ৩০০ কোটি রুপি বলে জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটিতে অভিনয়ের জন্য রজনীকান্ত পারিশ্রমিক হিসেবে পেয়েছেন ১১০ কোটি রুপি। এর পাশাপাশি সিনেমার মুনাফার একটি অংশ পাওয়ার কথাও রয়েছে তাঁর চুক্তিতে। সে হিসাবে সব মিলিয়ে তাঁর আয় প্রায় ১৮০ কোটি রুপি হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সিনেমাটিতে ‘ম্যাথিউ গ্যাংস্টার’ চরিত্রে ফিরেছেন মালয়ালম অভিনেতা মোহনলাল। তাঁর পারিশ্রমিক প্রায় ৩০ কোটি রুপি বলে জানা গেছে। অতিথি চরিত্রে অভিনয় করা বলিউড তারকা হৃতিক রোশন পেয়েছেন ২৫ কোটি রুপি।

এ ছাড়া বিজয় সেতুপতির পারিশ্রমিক ১৫ কোটি রুপির বেশি বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা বিদ্যা বালান পেয়েছেন ৬ কোটি রুপি। এস জে সুরিয়ার পারিশ্রমিক ৩ থেকে ১০ কোটি রুপির মধ্যে বলে বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে। অন্যদিকে, সুরাজ ভেঞ্জামুডুর পারিশ্রমিক প্রায় ১ কোটি রুপি।

সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। তাঁর পারিশ্রমিক ২০ কোটি রুপি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে অভিনয়শিল্পী ও সংগীত পরিচালকের পারিশ্রমিকের এসব অঙ্ক আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন ও সংশ্লিষ্ট সূত্রের বরাতে তথ্যগুলো প্রকাশিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *