আইআইইউসি এলাকায় বিআরটিএর অভিযান ১৫ মামলায় জরিমানা ৫৫ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) সংলগ্ন এলাকায় যানবাহনের চলাচল ও পার্কিংয়ে শৃঙ্খলা ফেরাতে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। দিনব্যাপী এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১৫টি মামলা করে মোট ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের ভ্রাম্যমাণ আদালত-১১-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

চট্টগ্রামের জেলা প্রশাসক ও বিআরটিএর বিভাগীয় পরিচালকের দিকনির্দেশনায় এবং সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক সহযোগিতায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানকালে রুট পারমিট, ফিটনেস সনদ ও ট্যাক্স টোকেন ছাড়া যানবাহন চলাচল, বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং যত্রতত্র ও বিশৃঙ্খলভাবে গাড়ি পার্কিংয়ের মতো অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ১৫টি তাৎক্ষণিক মামলা করা হয় এবং ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানের পাশাপাশি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার টোটাল গ্যাস কোম্পানি, কেডিএসসহ বিভিন্ন প্রতিষ্ঠান, মিল-কারখানা ও পণ্য পরিবহন কোম্পানির ডিপোতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যানবাহনের চালক ও দায়িত্বশীল ব্যক্তিদের যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণ, নিরাপদ চলাচল এবং নিয়ম মেনে পার্কিংয়ের বিষয়ে পরামর্শ ও নির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া জরিমানার শিকার যানবাহনের চালক ও মালিকদের ভবিষ্যতে এ ধরনের আইন লঙ্ঘন থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

অভিযানে ভাটিয়ারী ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা এস এম হেলাল উদ্দিন, বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক মো. আমিনুজ্জামান, সীতাকুণ্ড মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মুজিবসহ বিআরটিএর অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *