মোঃ হিমন:
কক্সবাজারের ঈদগাঁওয়ে চোলাই মদ সেবনের পর উচ্ছৃঙ্খল আচরণ এবং এলাকার পরিবেশ ও শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অভিযোগে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের কাছ থেকে মোট ৬০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী বটতলী এবং ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়াঘোনা মণ্ডলপাড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমার নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে চোলাই মদসহ নুরুল আলম (৫৪), মোহাম্মদ হাছান (২৫) ও বেদারুল ইসলাম (৩০) আটক হন।
পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৩৬(৫) অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। সরকারি আইনভান্ডার অনুযায়ী, এ ধারায় অ্যালকোহল পান বা নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট, বিরক্তিকর আচরণ কিংবা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অপরাধের শাস্তির বিধান রয়েছে।
ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকারের ভিত্তিতে নুরুল আলমকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, মোহাম্মদ হাছানকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং বেদারুল ইসলামকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেককে ২০০ টাকা করে মোট ৬০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা বলেন, ঈদগাঁও উপজেলাবাসীর স্বার্থে এবং মাদকদ্রব্য নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এর আগে ঈদগাঁওয়ে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চোলাই মদসহ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধারের পর দুজনকে কারাদণ্ড দেওয়ার ঘটনাও হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।