‘কিং’-এর গানে মৌসুমী ভৌমিকের সুরের ছায়া

বিনোদন ডেস্ক:

বলিউড সুপারস্টার শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’। আগামী ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে ছবিটির। সিনেমাটি ঘিরে গত ২ নভেম্বর প্রকাশিত হয়েছে প্রথম গান ‘তু মিল যায়ে’। প্রকাশের পর গানটি অনলাইনে ব্যাপক সাড়া ফেলেছে। ইউটিউবে গানটির ভিউ ইতোমধ্যে ৬ কোটি ছাড়িয়েছে।

তবে গানটি প্রকাশের পর শুরু হয়েছে সুরের মিল নিয়ে আলোচনা। অনেকের দাবি, ‘তু মিল যায়ে’ গানের কিছু অংশের সুরের সঙ্গে বাংলা গান ‘আমি শুনেছি সেদিন তুমি’র মিল রয়েছে। তাঁদের মতে, মৌসুমী ভৌমিকের গানটির সুর দ্রুতলয়ের সংগীতায়োজনে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে।

এ নিয়ে ফেসবুকে পোস্ট করেন সোমতীর্থ নন্দী নামে এক ব্যক্তি। তিনি লেখেন, শাহরুখ খানের ‘কিং’ সিনেমার ‘তু মিল যায়ে’ গানের শুরুর অংশের সঙ্গে মৌসুমী ভৌমিকের ‘আমি শুনেছি সেদিন তুমি’ গানের শুরুর অংশে অদ্ভুত মিল পেয়েছেন।

পোস্টে মৌসুমী ভৌমিককে ট্যাগ করা হলে বিষয়টি তাঁর নজরে আসে। পরে নিজের বক্তব্য তুলে ধরে তিনি জানান, গানটি আগে শোনা হয়নি। পোস্টের কারণে শুনলেও তাঁর কাছে দুই গানের সুরে তেমন মিল মনে হয়নি।

মৌসুমী বলেন, সংগীতের ক্ষেত্রে একই স্বর ও তার বিভিন্ন বিন্যাস ঘুরেফিরে ব্যবহৃত হয়। তাঁর মতে, ‘তু মিল যায়ে’ গানে নিজের গানের ছায়া তিনি খুঁজে পাননি। একই সঙ্গে তিনি মনে করেন, তাঁর গান এমন কোনো অনন্য সুর সৃষ্টি করেনি, যা আগে কেউ কখনো ব্যবহার করেননি।

নিজের গানের সুরের উৎস ব্যাখ্যা করে এই শিল্পী বলেন, ‘আমি শুনেছি সেদিন তুমি’ গানের শুরুতে পাঁচালীর মিউজিক্যাল ফ্রেজের বৈশিষ্ট্য রয়েছে। তবে তাঁর গান সেই জায়গায় আটকে থাকেনি; বরং সেই সুরের বীজ থেকে পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। সচেতনভাবে পাঁচালীর কথা না ভাবলেও নিজের শোনা সংগীত থেকেই সুরের জন্ম হয়েছে বলে জানান তিনি।

মৌসুমী আরও বলেন, তাঁর গানেও অন্য শিল্পীদের সুরের ছায়া থাকতে পারে। এক বন্ধু তাঁর গানে জোন বায়েজের প্রভাবের কথা বলেছিলেন। পরে গান শুনে বিষয়টি তাঁর কাছেও মিলেছে বলে মনে হয়েছিল।

শিল্পীর ভাষ্য, মানুষ জেনে বা না জেনে নিজের পরিচিত সুর ও সংগীতের ছায়া বহন করে। তবে কোনো সুরে মিল পাওয়া গেলেই দুটি গানের মধ্যে সরাসরি সম্পর্ক রয়েছে, এমনটা বলা যায় না। হুবহু নকল করে নিজের সৃষ্টি হিসেবে চালিয়ে দিলে অবশ্যই বিষয়টি বিবেচনা করা উচিত।

‘তু মিল যায়ে’ গানটির কথা লিখেছেন কুমার। সংগীতায়োজন করেছেন সচীন-জিগার। গানটিতে কণ্ঠ দিয়েছেন এড শিরান, অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচী। গানের দৃশ্যে শাহরুখ খানের সঙ্গে রয়েছেন দীপিকা পাড়ুকোন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *