ইরানে এখনই হামলা চান ট্রাম্পের কয়েক উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানে নতুন করে সামরিক হামলা চালানোর সুযোগ দ্রুত ফুরিয়ে আসছে বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কয়েকজন উপদেষ্টা। এ কারণে দেরি না করে এখনই হামলার সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে শনিবার (৭ নভেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার এক বৈঠকে ট্রাম্প প্রশাসনের কয়েকজন মন্ত্রী, উপদেষ্টা ও সামরিক কর্মকর্তা প্রেসিডেন্টকে সতর্ক করেন যে, আগামী জানুয়ারিতে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে ইরানে সামরিক অভিযান পরিচালনা কঠিন হয়ে উঠতে পারে। তারা তদন্ত, সামরিক ব্যয় বরাদ্দে কড়াকড়ি এবং বিভিন্ন প্রস্তাব বা রেজ্যুলেশন পাসের মাধ্যমে যুদ্ধ পরিচালনায় বাধা সৃষ্টি করতে পারেন।

বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও সেনাপ্রধান জেনারেল ড্যান কেইন উপস্থিত ছিলেন। হেগসেথ ইরানে নতুন করে হামলা চালানোর পক্ষে ট্রাম্পকে চাপ দেন। তবে অন্য কয়েকজন উপদেষ্টা আশঙ্কা প্রকাশ করেন, নতুন হামলা হলে কূটনৈতিকভাবে সংকট সমাধানের সুযোগ আরও কমে যাবে।

এদিকে নতুন করে সংঘাত এড়াতে ইরানের সঙ্গে আলোচনার পথ খোলা রাখার চেষ্টা করছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শেষ পর্যন্ত ইরানে হামলা হলে তা স্বল্পমেয়াদি হলেও অত্যন্ত তীব্র হতে পারে। সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে ইরানের তেল, গ্যাস ও পারমাণবিক অবকাঠামোর পাশাপাশি পিকঅ্যাক্স পাহাড়ের কথাও উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে হোয়াইট হাউসের এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে এনবিসি নিউজ। জবাবে ওই কর্মকর্তা বলেন, প্রেসিডেন্টের সামনে সব ধরনের বিকল্পই খোলা রয়েছে। তবে কখন এবং কী পদক্ষেপ নেওয়া হবে, তা কেবল প্রেসিডেন্টই জানেন।

সূত্র: এনবিসি নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *