নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম আদালতের এজলাসের সামনে মো. নুরুল কবির নামে এক ব্যক্তিকে গলায় ছুরিকাঘাতের ঘটনায় করা মামলার প্রধান অভিযুক্ত মো. ইলিয়াস হোসেন ওরফে অপুকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন পাহাড়ী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি—সাবেক র্যাব) চট্টগ্রাম ইউনিট।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, কোতোয়ালী থানায় গত ৭ সেপ্টেম্বর করা মামলার এজাহারনামীয় প্রধান অভিযুক্ত ইলিয়াস হোসেন অপু পাহাড়ী আবাসিক এলাকায় অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি জানায়, সিডিএমএস পর্যালোচনা করে অপুর বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ, কোতোয়ালী ও চান্দগাঁও থানায় হত্যা, অপহরণ, ছিনতাই ও চুরির অভিযোগে আরও পাঁচটি মামলার তথ্য পাওয়া গেছে।
গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ইলিয়াস হোসেন অপুকে কোতোয়ালী মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।