আদালত থেকে দ্বিতীয়বার পালালেন শরিফুল, খুলে ফেললেন হাতকড়া

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে শরিফুল ইসলাম নামে এক হাজতি আসামি আবারও পালিয়ে গেছেন। এর আগে ২০২৫ সালের জুনেও আদালতের হাজতখানায় নেওয়ার পথে পুলিশকে আঘাত করে হাতকড়া খুলে পালিয়েছিলেন তিনি।

মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালতে হাজিরা শেষে হাজতখানায় নেওয়ার পথে কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান শরিফুল।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, কোতোয়ালি থানার একটি মামলায় হাজতি আসামি শরিফুল ইসলাম কৌশলে হাতকড়া খুলে আদালত থেকে পালিয়ে গেছেন। মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকায় তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছিল।

আদালত ও মামলার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৯ জুন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে পুলিশ সদস্যকে আঘাত করে হাতকড়া খুলে পালিয়ে যান শরিফুল। ওই দিনই হাজতখানার ইনচার্জ মো. রিপন মোল্লা বাদী হয়ে রাজধানীর কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে মামলা করেন।

সেই মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য মঙ্গলবার শরিফুলকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালতে তোলা হয়। তবে সাক্ষী উপস্থিত না হওয়ায় সেদিন সাক্ষ্যগ্রহণ হয়নি।

পরে ডিএমপির প্রসিকিউশন বিভাগে কর্মরত কনস্টেবল আব্দুল আলিম শরিফুলকে আদালত থেকে হাজতখানায় নিয়ে যাচ্ছিলেন। এ সময় কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান তিনি।

আদালত থেকে দ্বিতীয়বার শরিফুলের পালিয়ে যাওয়ার ঘটনায় সংশ্লিষ্টদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাকে আটক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *